
পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য ডিম সেদ্ধ করতে ব্যবহৃত ফুটন্ত পানিতে পড়ে মাহফুজুর রহমান নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত মাহফুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করানো হয়। রোববারও ডিম সেদ্ধ করার কাজ চলাকালে ফুটন্ত গরম পানিতে দগ্ধ হয় মাহফুজ।
একাধিক অভিভাবকের অভিযোগ, বিদ্যালয়ে প্রতিদিন শিক্ষার্থীদের দিয়ে শাক তোলা, ডিম সেদ্ধ করাসহ বিভিন্ন ধরনের কাজ করানো হয়। এ নিয়ে তারা প্রতিবাদ জানালেও শিক্ষকেরা বিষয়টিতে গুরুত্ব দেন না।
তবে শিক্ষার্থীদের দিয়ে এসব কাজ করানোর অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার। তিনি বলেন, ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় অন্য একজনের সঙ্গে ধাক্কা লাগে মাহফুজের। এ সময়ই গরম পানিতে দগ্ধ হয় সে।
ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।