
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে ফালিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালক—এই তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন হেফাজতে নেয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফালিলপুর হাইওয়ে থানার এসআই আবু নোমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।