
হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ ও জনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় বুধবার (২৯ জুলাই) এ আদেশ কার্যকর করা হয়।
জেলা প্রশাসনের জারি করা আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।
জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা এবং বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪ ধারা বাস্তবায়নে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। একই সময়ে বিএনপিও পৃথক কর্মসূচি ঘোষণা করলে দুই দলের মুখোমুখি অবস্থানের আশঙ্কা তৈরি হয়।
এ পরিস্থিতিতে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং জনসাধারণকে জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।