
কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব সড়কের গজারিয়া বাজার এলাকায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় হাসিম মিয়া (৫৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।
নিহত হাসিম মিয়া কটিয়াদী উপজেলার উত্তর লোহাজুরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রুসমত আলীর ছেলে। পেশায় তিনি জাল বোনার কারিগর ছিলেন।
পুলিশ জানায়, স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গ্রামের সংযোগ সড়ক থেকে সাইকেল নিয়ে মূল সড়কে ওঠার সময় দ্রুতগতির মাছবোঝাই একটি পিকআপ ভ্যান সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নবিনুর রহমান বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত অবস্থায় হাসিম মিয়াকে কটিয়াদী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া জানান, হাসপাতালে আনার আগেই হাসিম মিয়ার মৃত্যু হয়েছিল।