
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে আনা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জুস জব্দ করেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।
রোববার (২৬ জুলাই) দুপুরে জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকসহ ৭ হাজার ৫০০ পিস ভারতীয় ব্র্যান্ডের ‘আনমুল’ জুস জব্দ করা হয়। এসব পণ্য অবৈধ পথে মাটিরাঙ্গা বাজার হয়ে চট্টগ্রামে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, ‘চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
জব্দ করা পণ্য ও ট্রাকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।