
চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে তলা ফেটে ডুবতে শুরু করা একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দ্রুত পরিচালিত যৌথ উদ্ধার অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটসংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাল্কহেডটির তলা ফেটে পানি ঢুকে পড়ায় চারজন ক্রুসহ সেটি ডুবে যেতে শুরু করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি বলেন, ‘বিসিজি স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে অবস্থানরত বাল্কহেডটির মালিকপক্ষের সদস্যদের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।’
উদ্ধারের পর আহতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে কোস্টগার্ড। পরে তাঁদের নিরাপদে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘সমুদ্র উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও জরুরি উদ্ধার কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’