
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে ভেঙে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগমকে গ্রেফতার করেছে র্যাব-১১। আলোচিত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে ৩২ বছর বয়সী লতা বেগমকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, মাধবদী থানা এলাকায় শিশুটির ওপর নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। মামলা হওয়ার পর র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লতা বেগমকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।
র্যাব জানায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নরসিংদীর প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় লতা বেগমকে প্রধান আসামি করা হয়। একই মামলায় তার স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকেও আসামি করা হয়েছে।
এর আগে এ ঘটনায় লতা বেগমের স্বামী ও বাবাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।