
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরবর্তী প্লাবনভূমি বালু দিয়ে ভরাটের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে ভরাট কার্যক্রম বন্ধ করে ঘটনাস্থল থেকে তিন হাজার ফুট পাইপ ও দুটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকায় তিতাস নদীর পূর্ব তীরে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিতাস নদীর তীরসংলগ্ন প্রায় ১০ থেকে ১৫ কানি জমিতে আজিজুর রহমান লিটনের একটি ইটভাটা ছিল। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা ওই এলাকায় বর্ষাকালে পানি জমে থাকত এবং শুষ্ক মৌসুমে স্থানীয়রা সেটিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন।
অভিযোগ রয়েছে, গত এক মাস ধরে ভেকু দিয়ে জমির চারপাশে বাঁধ নির্মাণ করা হয়। পরে গত সাত দিন ধরে বিভিন্ন স্থান থেকে নৌকাযোগে ড্রেজারের মাধ্যমে বালু এনে জায়গাটি ভরাটের কাজ চলছিল।
উপজেলা প্রশাসন জানায়, বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে তীরবর্তী প্লাবনভূমি বা ফোরশোর ভরাট করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী নদীর অববাহিকা, প্রাকৃতিক জলাধার ও তীরবর্তী এলাকার শ্রেণি পরিবর্তন কিংবা ভরাট নিষিদ্ধ।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তিন হাজার ফুট পাইপ ও দুটি ড্রেজার মেশিন ভেঙে বিনষ্ট করা হয়। অভিযানের সময় আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকায় তার ম্যানেজার জাফর ইমাম জরিমানার অর্থ পরিশোধ করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’