টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার একটি পরিবারকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া পরিবারের সদস্যদের মধ্যে ছিল আট মাস বয়সী একটি শিশুও।
বুধবার (৮ জুলাই) রাতের ওই উদ্ধার অভিযানের একটি ২১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গলাসমান পানির মধ্যে টানানো রশি ধরে এগিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। এক হাতে রশি আর অন্য হাতে একটি বড় পাতিল, যার ভেতরে নিরাপদে রাখা হয়েছে শিশুটিকে। পাশে থাকা আরেক সদস্য ছাতা ধরে শিশুটিকে বৃষ্টির পানি থেকে সুরক্ষা দিচ্ছেন। এই মানবিক উদ্যোগ নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল এবং জোয়ারের পানিতে বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হলে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ার পুরাতন ব্রিকস এলাকার একটি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। খবর পেয়ে সেখানে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পানিবন্দি মানুষের খবর পেয়ে আট সদস্যের একটি উদ্ধারকারী দল চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছে। পরে পাঁচ শিশু ও আট নারীসহ একটি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়। অভিযানের সময় আট মাস বয়সী শিশুটিকে নিরাপদে সরিয়ে নিতে বড় একটি পাতিল ব্যবহার করা হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘পানিবন্দি থাকার খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ওই সময় ৮ মাস বয়সী শিশুটিকে নিরাপদে সরিয়ে নিতে বড় পাতিল ব্যবহার করা হয়। দুর্গত এলাকায় আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’
এদিকে, অব্যাহত বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের কারণে বাঁশখালীর বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।