
‘জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে স্কুল-কলেজর ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, সহকারী পুলিশ সুপার অরূপ চন্দ্র পাল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ পাঠান।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি শুধু জীববৈচিত্র্য ধ্বংস করে না, মানব স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তারা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি বেশি করে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি ও সামাজিকভাবে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হতে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গাছের চারা, বই ও ক্রেস্ট বিতরণ করা হয়।