
নাটোরের সিংড়ায় উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে তুলে নিয়ে মারধর এবং তার কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মেহেদী হাসান মামুন অভিযোগ করেন, উপজেলার শেরকোল এলাকার দুটি গদি ঘর থেকে ব্যবসার ১৭ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর জয়নাল আবেদীনের লোকজন তাকে জোর করে তুলে মাসুদ মার্কেটে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে নগদ ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর মহাসড়কে যানবাহন থেকে চাঁদাবাজির প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তা প্রতিরোধে ভূমিকা রাখায় জয়নাল আবেদীন তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এরপর থেকেই বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।