
কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের গন্তব্য নেত্রকোনার জারিয়া পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ‘আমরা কিশোরগঞ্জবাসী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন। তিনি বলেন, ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস এই জেলার মানুষের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির ফসল। কিশোরগঞ্জবাসীর স্বার্থ উপেক্ষা করে ট্রেনটির গন্তব্য পরিবর্তনের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিশোরগঞ্জ এক্সপ্রেস নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে কিশোরগঞ্জের মানুষ বসে থাকবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের সংখ্যা এমনিতেই কম। প্রতিদিন হাজারো মানুষ টিকিটসংকট ও যাতায়াতের দুর্ভোগে পড়ছেন। এ অবস্থায় কিশোরগঞ্জ এক্সপ্রেস অন্য জেলায় সম্প্রসারণ করা হলে জেলার মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’
মানববন্ধন চলাকালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেনের ইঞ্জিনের সামনে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
কর্মসূচিতে পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ ফরিদ আহাম্মদ, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, সম্প্রতি ডেপুটি স্পিকার কায়সার কামালের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন নেত্রকোনার জারিয়া পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে কিশোরগঞ্জে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বক্তারা।