
পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়ক ও রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে রেলবাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক খোকন প্রধান, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শওকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হারেজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও সুজন, মূলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব এবং মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি।
বক্তারা বলেন, ‘শান্ত চাটমোহরকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাঁদের নেত্রী ভারতে পালিয়ে আছেন, তাঁরা কীভাবে রাজনীতি করার সাহস দেখান। আগামীতে চাটমোহরের কোথাও আওয়ামী লীগ মিছিল করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। বিএনপি আপনাদের শান্তিতে রেখেছে, আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকুন। গুপ্ত মিছিল করে অশান্তি সৃষ্টি করতে চাইলে আপনাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না।’
উল্লেখ্য, বুধবার বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে কাউকে পাননি। পরে ওই ঘটনার প্রতিবাদে মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।