
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, সরকার সংসদে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর মাধ্যমে তারা গোটা জাতির সঙ্গে বেইমানি করেছে। তারা নিজেরা নিজেদের সঙ্গেও বেইমানি করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার কারণে বেগম খালেদা জিয়া জেলখানা থেকে মুক্তি পেয়েছিলেন। তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু তারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে শহীদদের রক্তকে অস্বীকার করেছে। যে আবু সাঈদ বুকে বুলেট তুলে নিয়েছিল, সেই আবু সাঈদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রায় দেড় হাজারের বেশি শহীদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্যরা।
পরে আহতদের সুস্থতা ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।