
কিশোরগঞ্জের মিঠামইনের ঐতিহ্যবাহী তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী কোহিনূর আক্তারের নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার নির্বাচন অফিসের সামনে সড়কে সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে শত শত শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাঁদের সহপাঠী কোহিনূর আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অশ্রুসিক্ত চোখে তাঁরা বলেন, ‘আমাদের অত্যন্ত মেধাবী ও কৃতি সহপাঠী কোহিনূরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মিঠামইন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তাঁরা বলেন, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা আজ হুমকির মুখে। কোহিনূরের মতো একজন কৃতি শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধারে নৌপুলিশের সহায়তায় তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হৃদয় মিয়া ও ইমরান হোসেন নামে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’