
প্রান্তির জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ পেয়েছেন দৈনিক যায়যায়দিন এর সাবেক পাবনা জেলা প্রতিনিধি (বর্তমানে দৈনিক বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি) আরিফ আহমেদ সিদ্দিকীসহ দেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৬ জন গণমাধ্যমকর্মী।
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে রবিবার (২৮ জুন) ঢাকা বাংলা একাডেমির আব্দুল করিম মিলনায়তনে সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যত শীর্ষক সম্মিলনে ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করায় ১৬ জন গণমাধ্যমকর্মীকে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ফেলোশিপ প্রাপ্ত অন্যান্য গণমাধ্যম কর্মীরা হলেন; অমর ডি কস্তা, আয়শা আক্তার জ্যোতি, কৌশিক দে, লাবনী ইয়াসমিন, আসাদুজ্জামান, স্বপ্না দেবনাথ, লালী বেগম, আব্দুল খালেক, সুরাইয়া গুল রাইহান, মুক্তা মনোয়ার, মেহরিন আশফিয়া জাহান, তাওছিয়া তাজমিন, অর্নিবাণ বিশ্বাস, সামদানী হক নাজুম ও নিশাত ইসলাম বিজয়।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ক্রিশ্চিয়ান এইড, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে Expanding Civic Space through Active CSO Participation and Strengthened Governance System in Bangladesh (ECSAP) প্রকল্পটি বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর (প্রান্তিক নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠী) অধিকার নিশ্চিতকরণ, সুশাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই ফেলোশিপ প্রদান করা হয়।
পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে রবিবার বাংলা একাডেমি, ঢাকায় সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা শীর্ষক সম্মিলন অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ১০টি জেলার ৩৩টি স্থানীয় নাগরিক সংগঠন অংশগ্রহণ করে, যারা প্রান্তিক নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
দিনব্যাপী এই আয়োজনের প্রথমার্ধের অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন ও সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্টনারশিপ ও স্ট্র্যাটেজি লিড, এশিয়ান এমসিসি, ক্রিশ্চিয়ান এইড এর নুজহাত জাবিন। অনুষ্ঠানে আদিবাসী ও প্রান্তিক নারী জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য দেন দিপ্তী পাহান এবং শেফালী বৈরাগী।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সেবা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয়ের সমন্ময় করা প্রয়োজন।
দ্বিতীয়ার্ধে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা) মো. সাজ্জাদুল ইসলাম, চ্যানেল আইয়ের সিনিয়র সম্পাদক মীর মনসুর জামান, ভিক্টিম সাপোর্ট সেন্টারের অ্যাসিস্টেন কমিশনার অব পুলিশ মনোয়ারা আক্তার রিফাত, প্রোগ্রাম ও পার্টনারশিপ লিড, এশিয়া এমসিসি ক্রিশ্চিয়ান এইড‘র প্রিন্স সুমন বাড়ই, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী, আমরাই পারি নির্যাতন প্রতিরোধ জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক।
অনুষ্ঠানে লিঙ্গীয় বৈচিত্র্য ও দলিত জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য দেন অনিন্দিতা আফরা বাবুনি ও সংকর সরকার। ফেলো সাংবাদিক এর পক্ষ থেকে বক্তব্য দেন যশোরের দৈনিক গ্রামের কাগজের সোশ্যাল মিডিয়া এডিটর স্বপ্না দেবনাথ ও বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার। এছাড়াও অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ তাদের সমস্যা ও দাবি সরকারী কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। দ্বিতীয়ার্ধে অনুষ্ঠনটি সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ সম্পন্ন করার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৬ জন সাংবাদিককে সনদ ও স্মারক প্রদান করা হয়। শেষে প্রান্তিক জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য ও অধিকার বিষয় নিয়ে হিজরাদের মঞ্চ গীতিনাট্য, নৃত্য, আদিবাসীদের নিজস্ব সংস্কৃতির নৃত্য ও গান পরিবেশন এবং প্রতিবন্ধী অটিস্টিক কিশোর কিশোরীদের ফ্যাশন শো প্রদশর্ণ করা হয়।