
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপসামবোঝাই ট্রাক রেললাইনের ওপর উঠে যাওয়ায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় খুলনা-ঢাকা ও রাজবাড়ী-ভাঙ্গা রুটের দুটি ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
সোমবার ভোর ৪টার দিকে বসন্তপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।
জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জের দৌলতপুরের উদ্দেশে জিপসাম নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। ভোরে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রেললাইনের ওপর উঠে পড়ে। এতে ওই পথে ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। টানা প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয় এবং পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশে যাত্রা করার কথা থাকা রাজবাড়ী এক্সপ্রেসও নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করতে পারেনি।
রেললাইন সচল হওয়ার পর নকশীকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল জানান, চালক অসুস্থ বোধ করায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ নেন। তবে চালানোর সময় তার ঘুম চলে আসায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়।
রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ১০টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় দুটি ট্রেনের সময়সূচিতে উল্লেখযোগ্য বিলম্ব ঘটে।