
মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা আয়োজনের ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি মসজিদের পবিত্রতা ও আদব লঙ্ঘনের অভিযোগ তুলে এ ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকাবাসীর বড় অংশ।
গত মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, সভায় জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা অংশ নেন। সেখানে উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোহর বাদশার নাম ঘোষণা করেন।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের স্থান হিসেবে ব্যবহারের সমালোচনা করেন। স্থানীয় বাসিন্দা নয়ন বলেন, ‘মসজিদের আদব লঙ্ঘন করে দলীয় কর্মসূচি আয়োজন অত্যন্ত নিন্দনীয়। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে।’
হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, রাজনৈতিক সভায় নানা ধরনের আলোচনা ও সমালোচনা হয়ে থাকে, যা মসজিদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চেয়ার-টেবিল বসিয়ে সভা করাও মসজিদের ভাবগাম্ভীর্য ও আদবের পরিপন্থী।
তবে উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল বলেন, তারা সাধারণত এভাবে মসজিদে দলীয় কর্মসূচি করেন না। গ্রামীণ এলাকায় লোকসমাগম কম থাকায় ওই স্থান ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, ‘ইসলামের দৃষ্টিতে মসজিদ সংসদ হলেও মানুষ বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়নি। বিষয়টি নিয়ে সমালোচনা আমিও দেখেছি। সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি ভালোভাবে গ্রহণ করা হয়নি। তাই ভবিষ্যতে আমরা এ বিষয়ে সতর্ক থাকব।’