
বগুড়ার শেরপুরে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত চিকিৎসক ডা. সামির হোসেন মিশু। নাশকতার একটি মামলায় তাকে আটক করে পরে বগুড়া সদর থানায় হস্তান্তর করে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতে শেরপুর উপজেলার রনবীরবালা ঘাটপাড় এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, ডা. সামির হোসেন মিশু বগুড়া মহানগরীর জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি বাগেরহাটে সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের প্রশিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয়দের কাছে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কারণে তিনি ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিতি পান। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে বগুড়া থেকে বদলি করা হয়। পরে ২০২৫ সালের ২২ অক্টোবর তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে এক চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে শেরপুরের একটি রেস্তোরাঁয় যান ডা. মিশু। এ সময় তাকে সেখানে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবদল নেতা-কর্মী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, নাশকতার মামলায় আটক ডা. সামির হোসেন মিশুকে রাতেই বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, বুধবার (২৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।