
শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। এর আগে, একইদিন ভোর ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপসহ এসব মদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), একই উপজেলার গোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চাঁন (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের আটক করে এবং পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, উদ্ধার করা মদের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।