
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে ঘটনার পর রাতে ভুক্তভোগী শিশুর বাবা ত্রিশাল থানায় মামলা করেন।
গ্রেপ্তার শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশালের একটি মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, শাহিনুর ইসলামের কাছে শিশুটি আরবি শিক্ষা নিত। তার সঙ্গে আরও দুই শিশু সেখানে পড়ত। শনিবার বিকেলে আরবি শেখার জন্য মসজিদে যাওয়ার পর শিশুটি বাড়ি ফিরতে দেরি করলে তার মা খোঁজ নিতে যান। এ সময় তিনি মসজিদের ভেতরে শিশুটিকে ধর্ষণ করতে দেখেন বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শাহিনুর ইসলামকে আটক করেন। তাকে মারধর করে মসজিদের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়। পরে তাকে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা
অসুস্থ শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিস কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, ‘ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেছেন। গ্রেপ্তার শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’