
মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজার সংলগ্ন বেলাল মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেবীসিংহপুর গ্রামের হারুন মিয়া (২৬), মমিন (২২) ও জাহাঙ্গীর (২৪) বুধবার রাতে একসঙ্গে মাদক সেবন করছিলেন। একই গ্রামের এসএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেন ফাহিম, রকিবুল ইসলাম রিফাত (২৩) ও শাকিব (২১) তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আরাফাত হোসেন ফাহিমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মোট তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন ফাহিম মারা যান।
ঘটনার পর নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে মূল আসামি হারুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।