
ময়মনসিংহে এবার ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক নজিরবিহীন লেজেগোবরে পরিস্থিতি। একটি আন্তঃনগর ট্রেনের বগি লাইনের বাইরে চলে যাওয়ার পর, সেটিকে উদ্ধার করতে এসে উল্টো রেলওয়ের একটি স্পেশাল রিলিফ (উদ্ধারকারী) ট্রেনও লাইনচ্যুত হয়েছে। এই দ্বৈত দুর্ঘটনার জেরে ঢাকা-জামালপুর রেলরুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ শহরের কলেজ রোড সংলগ্ন একটি রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে পুলিশ আরও জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ের কারিগরি ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে মূল ট্রেনের লাইনচ্যুত বগিটি টেনে তোলার প্রক্রিয়াকালীন ময়মনসিংহ স্টেশনের আউটার (বাইরের) এলাকায় উদ্ধারকাজে অংশ নেওয়া রিলিফ ট্রেনটিরও একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয় এবং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাবল লাইনচ্যুতির এই ধাক্কা সামলে লাইন সচল করতে এবং বগিগুলো দ্রুত লাইনে ফিরিয়ে আনতে কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রুটটি পুরোপুরি সচল হতে ঠিক কত সময় লাগতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।