
রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদারকে বরণ করে নিতে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকেই উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো রাঙ্গামাটি।
নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের প্রবেশমুখ গোদারপাড় এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ভিড় জমিয়েছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সকাল থেকেই ব্যানার, ফেস্টুন আর রং-বেরঙের ফুল হাতে রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন উৎসুক জনতা। দীপন তালুকদার গাড়ি বহর নিয়ে রাঙ্গামাটি সীমান্তে পৌঁছানো মাত্রই চারদিকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে তাদের প্রিয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
উপস্থিত নেতাকর্মীরা জানান, দীপন তালুকদারের নেতৃত্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আগামী দিনে পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের ভাগ্যোন্নয়নে এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে আরও গতিশীল ভূমিকা পালন করবে।
এদিকে সড়কের মোড়ে মোড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের এই ভালোবাসায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার।
পরে রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে এসে পৌছালে তিনি রাঙ্গামাটিবাসীর উদ্দেশ্যে বলেন, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাঙ্গামাটির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি ও প্রতিমন্ত্রী মীর মোঃ হেলাল উদ্দিন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য এবং বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।