
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত যুবায়ের (২০) হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানায় ঘেরাও কর্মসূচি এবং মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ রানাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৭ জুন) এশার নামাজের পর নিহতের পরিবারের সদস্য ও এলাকার শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে বন্দর থানার সামনে জড়ো হন। পরে তারা থানায় গিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিক্ষোভকারীদের জানান, এসআই মাসুদ রানাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
পরে এনায়েতনগর বাইতুল মামুর জামে মসজিদে পুলিশি নিরাপত্তার মধ্যে যুবায়েরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, তাঁর সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
এলাকাবাসীর পক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
বিএনপি নেতা নাসির উল্লাহ টিপু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বদলির দাবি জানান। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (৩ জুন) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে যুবায়েরের পথরোধ করে কয়েকজন ছিনতাইকারী। বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য বর্তমানে যুবায়েরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।