
আগামী স্থানীয় সরকার নির্বাচন দলকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ। তিনি বক্তব্যে বদলীয় হাইকমান্ডের প্রার্থী নির্বাচনে ভুলের কারনে আমরা জাতীয় নির্বাচনে আসন টি হারিয়ে ফেলছি, কিন্তু আমার চাওয়া হচ্ছে নেতাকর্মীরা এখন থেকেই স্থানীয় সরকার ভোটের কাজ শুরু দেন, জনগনের মন জয় করার চেষ্টা করুন। সরকারের সাফল্যর বার্তা প্রান্তিক জনগনের ঘরে পৌছে দিতে কাজ করুন তবেই সাফল্য সম্ভব। আমার বিশ্বাস তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ফুলছড়ি বিএনপি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করবে। এজন্য দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ,সাধারণ সম্পাদক মাসুদ রানা, উদাখালি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান মধু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ সরকার, সদস্য সচিব ফারুক মিয়া, এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকলাসুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলকে সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।