
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুককে দেখতে তার ভাইয়ের বাসায় গেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২ মে) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকায় সেলিম মিয়ার বাসায় গিয়ে তিনি ওমর ফারুকের খোঁজখবর নেন। এ সময় তার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত কথা বলেন তিনি।
এর আগে উন্নত চিকিৎসার জন্য ওমর ফারুককে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বর্তমানে তিনি ভাইয়ের বাসায় অবস্থান করছেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ওমর ফারুকের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন ওমর ফারুক। প্রায় দুই মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীতে এনে চিকিৎসা দেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন স্বজনরা।