
ভোরের নির্জনতায় হাঁটতে বেরিয়েই সন্ত্রাসী হামলার শিকার হলেন মেহেরপুরের এক বিএনপি নেতা—গুলি ও বোমা হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোরে মেহেরপুরের সাহারবাটি-ভাটপাড়া সড়কে সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনের ওপর এ হামলার ঘটনা ঘটে।
আহত মুকুল হোসেনকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুকুল হোসেন (৫৫) গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বাসিন্দা এবং নেক মহাম্মেদের ছেলে। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজ বাড়ি থেকে শরীরচর্চার উদ্দেশ্যে হাঁটতে বের হন মুকুল। ভাটপাড়া গ্রামের একটি মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক, পিঠ ও হাতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলির শব্দ ও বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।