
দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যেই ঝড়-বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় চলমান এই তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময়ে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। এ সময় দেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হলেও অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।