
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য নতুন করে সংলাপ শুরুর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এ লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানে পৌঁছেছেন।
আল-জাজিরার বরাতে জানা গেছে, তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই সফরের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়া।
সূত্রগুলো জানায়, সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা শুরুর সময় নির্ধারণ, যুদ্ধবিরতি–সংক্রান্ত অমীমাংসিত বিষয় এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। পাশাপাশি, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করার বিষয়টিও তাদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সফরটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক আবারও আলোচনার পথে ফিরতে পারে কিনা—তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে।