
চট্টগ্রামের রাউজান উপজেলায় ভোরের অভিযানে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি অস্ত্র ও গোলাবারুদ।
বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোহাম্মদ দৌলত (৩৩)। তিনি নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাটকূল কাশেম আলী বাড়ির নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৬টার দিকে রাউজান থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বসতঘর থেকে মোহাম্মদ দৌলতকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কাঠের আলনার দ্বিতীয় তাক থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় তৈরি ছোরা জব্দ করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।”