
সরকারি নির্দেশনা অমান্য করে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি আরেকজনকে অর্থদণ্ড করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার ‘ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশন’-এ এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার মানিকদিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)। এছাড়া পৌর এলাকার সাতগাড়ি মহল্লার বাসিন্দা নাঈম ইসলাম (২৯)-কে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকে আটক করে তাৎক্ষণিক আদালতে হাজির করা হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
রায়ে আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নাঈম ইসলামকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী বলেন, ‘সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তিন যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জেলার প্রতিটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের তদারকি চলমান রয়েছে।’