
আগামী তিন দিনে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে পরবর্তী পাঁচ দিনের মধ্যে উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের আরও কয়েকটি জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া আগামী ৭২ থেকে ১২০ ঘণ্টার মধ্যে সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকার লালমনিরহাট ও কুড়িগ্রাম, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া এবং সোমেশ্বরী ও ভুগাই-কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব এলাকায় নদীর পানি সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, যার ফলে নদীতীরবর্তী নিচু এলাকা অস্থায়ীভাবে পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।