
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে ঘিরে গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে ভাঙ্গা উপজেলা-র হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য নিয়ে ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম এবং ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের মধ্যে চা খাওয়া নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।
পরবর্তীতে ওই ঘটনার জেরে মধ্যরাতে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মো. মিজানুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘সংঘর্ষের খবর আমার জানা নেই।’ তবে গ্রামবাসীর অভিযোগ, পুলিশকে ফোন করা হলেও তারা ঘটনাস্থলে যায়নি।