
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উল্লাপাড়া উপজেলার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন, আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান, ইসমাইল হোসেনের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেনের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে মানিক হোসেনের বন্ধুত্ব ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে মানিক ছানোয়ারের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা ধার নেন। পরে ছানোয়ার পাওনা টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।
এরই জেরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে মানিক মোবাইল ফোনে ছানোয়ারকে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ছানোয়ার।
চার দিন পর, ১২ জুলাই সকালে উপজেলার সূর্য নদীতে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে মানিক হোসেনকে প্রধান আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।