
গাইবান্ধার পলাশবাড়ীতে আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও পা থেতলানো অবস্থায় ছিল।
বুধবার (১১ মার্চ) দুপুরে পলাশবাড়ী থানা চত্বরে নিহতের প্যাকেটে মোড়ানো মরদেহটি রাখা থাকতে দেখা যায়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি স্থানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে জিনসের প্যান্ট ও গায়ে সাদা-কালো প্রিন্টের চেক শার্ট ছিল। তবে আজ বিকাল তিনটা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ারয়ে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাত আড়াইটার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।”
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।