
বিএনপিকে উদ্দেশ করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যারা এতদিন মজলুম ছিল তারা এখন জুলুম শুরু করেছে। মজলুম যখন জালেম হয় তখন সে মূলত হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
শনিবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে আয়োজিত শহর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতা বা প্রভাবের অবস্থানে গিয়ে কেউ কেউ নিজেদের পূর্বের অবস্থান ভুলে যাচ্ছে এবং অন্যদের প্রতি চরম অসহিষ্ণু আচরণ করছে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবির হচ্ছে বিশ্বের সব ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। এটি একটি মেধাবী, আদর্শিক ও নৈতিকতাসম্পন্ন ছাত্র সংগঠন, মেধার চর্চা এবং মেধাবী শিক্ষার্থী তৈরি করাই যার মূল উদ্দেশ্য। এই সংগঠনকে গুপ্ত আখ্যা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই দূরে রাখা যাবে না।
শিবির সভাপতি বলেন, বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে সব শিক্ষার্থীর জন্য সিট নিশ্চিতের লক্ষ্যে শিবির যখন আন্দোলন করছে, তখন বৃহত্তর ছাত্র সংগঠন দাবি করা সংগঠনের নেতারা ছিনতাই, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজি নিয়ে ব্যস্ত সময় পার করছে। ক্যাম্পাসগুলোতে শিবিরের কর্মসূচিগুলোতে যখন সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন অন্য ছাত্র সংগঠনের নেতারা বহিরাগতদের ভাড়া করে এনেও তাদের কর্মসূচি সফল করতে পারছে না। এই পরিস্থিতিতে তারা ছাত্রশিবিরকে গুপ্ত বলছে। মূলত তাদের সেই বস্তাপচা রাজনীতি দেখেই সাধারণ ছাত্র-ছাত্রীরা এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, ইসলামের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করাই ছাত্রশিবিরের মূল লক্ষ্য। ক্যাম্পাসগুলোতে গেস্টরুম সংস্কৃতি ও মাদক পুরোপুরি নির্মূল করে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি সবসময় বদ্ধপরিকর।
এর পাশাপাশি সরকারের অব্যবস্থাপনা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে সাধারণ জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ঈদযাত্রায় মানুষের চরম ভোগান্তি হয়েছে এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে বলেও তিনি তাঁর বক্তব্যে মন্তব্য করেন।