
রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় আরও সাতজন আহত হয়েছেন এবং তাদের সঙ্গে থাকা পিকাআপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
নিহত ও আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২ মার্চ) ভোর রাতে জেলার পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ডাকাতের নাম শাহিন (৪৫)। তার বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে।
আহতরা হলেন - আলী হোসেন (৩৫), রুপচান আলী (৩৫), সেলিম হোসেন (৩০), সামিম হোসেন (৩০), শাজাহান আলী (৩০), রফিকুল ইসলাম ((৩৫) ও মামুন হোসেন (৩০)। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ছাড়া, বাকি সাতজনের মধ্যে একজন হাসপাতালের আট ও বাকিরা চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সাংবাদিকদের বলেন, ভোর রাতে একটি ট্রাকে আটজন লোক তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতার মারপিটে গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সাতজনকে চিকিৎসার জন্য ও নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হবে।