
ফরিদপুরের সালথা উপজেলায় চুরির চেষ্টা ভেস্তে যাওয়ার পর চোরদের ফেলে যাওয়া একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন চোর ওই গ্রামের রণ গোপালের বাড়ির গোয়ালঘরে গরু চুরির উদ্দেশ্যে ঢোকে। তবে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরিস্থিতি প্রতিকূল দেখে চোরেরা পালিয়ে যায়। তবে তারা চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে উত্তেজিত গ্রামবাসী ট্রাকটি রাস্তার পাশের ঢালে ফেলে আগুন ধরিয়ে দেয়।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ‘এলাকার লোকজন চলে এলে চোরেরা দিক্বিদিক দিক ছুটে পালিয়ে যায়।
এ সময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি শতাধিক গ্রামবাসী পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’