
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ গ্রহণ শুধু তাদের পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির প্রত্যাশা।
ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। বাবার আকস্মিক হত্যাকাণ্ডের পর দেওয়া এ বার্তায় মোজতবা খামেনি তার বাবার জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা জানান। শোকসন্তপ্ত মানুষের এই বিশাল সমাগমকে তিনি ‘শত্রু-বিধ্বংসী ও ঐতিহাসিক উপস্থিতি’ বলে অভিহিত করেন।
বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতিনির্ধারণে নিজের প্রথম প্রকাশ্য বক্তব্যে মোজতবা খামেনি স্পষ্ট করে বলেন, তেহরান এই হত্যাকাণ্ডকে হালকাভাবে নিচ্ছে না। তিনি জানান, জাতির প্রত্যাশা অনুযায়ী এই হত্যার উপযুক্ত জবাব দেওয়া হবে।
মোজতবা খামেনির এই বক্তব্য এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য ভবিষ্যতে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।