
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সকাল ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। এসময় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড। একই সঙ্গে মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।