
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা, বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় দ্বিতীয় জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ রাজধানীর কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজার পর তাকে স্থানীয় শেখ বাড়ি কবরস্থানে দাফন করা হয়।
শেখ কবির হোসেন শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, মরহুমের ভাই শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ রকিব হোসেন, ছেলে শেখ অনিসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার আপন চাচাত ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জীবদ্দশায় তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৭৫ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।