
দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নতুন সরকারের শপথ দ্রুত সম্পন্ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ্যানী চৌধুরী জানান, সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না—এই শর্তের বিষয়ে বিএনপি কী পদক্ষেপ নেবে, তা শপথ অনুষ্ঠানের আগেই স্পষ্ট করা হবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনি শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় ও সার্বিক প্রস্তুতি তদারকি করছেন। এ বিষয়ে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।