
প্রায় দেড় বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিনের মধ্যেই খুলনার আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে কার্যালয়ে প্রবেশ করে ফুল অর্পণ করলেও, কিছুক্ষণের মধ্যেই সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লোহার রোড সংলগ্ন কার্যালয়ে ঢোকেন আওয়ামী লীগের ৭–৮ জন নেতাকর্মী। প্রত্যক্ষদর্শী ও আশপাশের ব্যবসায়ীরা জানান, তারা মেইন গেটের তালা খুলে কার্যালয়ের দোতলায় যান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
নেতাকর্মীদের মধ্যে উপস্থিত জাহাঙ্গীর হোসেন নিজেকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে বলেন, “রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই- আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাবো।”
সন্ধ্যা ৭টার দিকে, কার্যালয়ে প্রবেশের ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে ‘রেড জুলাই’ নামের ৭–৮ জন ছাত্র অঙ্গসংগঠনের মাধ্যমে কার্যালয়ে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা সদর থানার ওসি কবীর হোসেন জানান, “সিসিটিভি ফুটেজ দেখে কার্যালয়ে প্রবেশ করা নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সন্ধ্যায় অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদেরও শনাক্ত করা হবে।”
নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকির হোসেন বলেন, “সামান্য আগুন দেওয়া হয়েছিল, যা আমরা দ্রুত নিয়ন্ত্রণে আনি।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও খুলনা মহানগর ও জেলা কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অগ্নিসংযোগ করেছিল। এরপর থেকে কার্যালয় বন্ধ ছিল। রোববার বিকেলেই তালা খোলা হয়ে নেতাকর্মীরা প্রবেশ করেন।