
কুমিল্লার লালমাইয়ে সেলফি তুলার চেষ্টা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধ বাজারস্থ বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মহিউদ্দ্দিন ছিলেন বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক এবং জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, মহিউদ্দ্দিন সকালে নিজের অটোরিকশা চালিয়ে বাগমারা বাজারে কেনাকাটা করতে যান। সকাল সাড়ে ৭টার দিকে রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তুলতে গিয়ে সেই ছবি ফেসবুকে ‘ইসলামি শান্তি’ নামে আইডিতে পোস্ট করেন এবং লিখেন, “আলহামদুলিল্লাহ, শুভ সকাল।” মুহূর্তেই ঢাকাগামী একটি ট্রেন তাকে কেটে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার ফেসবুক আইডিতে দেখা যায়, শেষ পোস্টের আগে তিনি আরেকটি পোস্টে লিখেছেন, “আমরা ক্ষমতার জন্য জামায়াতে ইসলামি করি না। হেরে যাওয়ার পরও শিবির, আলহামদুলিল্লাহ।”
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, নোয়াখালি থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনটি সকাল সাড়ে ৭টায় লাকসাম স্টেশন অতিক্রম করার পর বাগমারা বাজার এলাকায় মহিউদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে লাশ ইতিমধ্যেই পরিবারের হাতে চলে গেছে।