
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আর্থিক দণ্ড ও অনাদায়ে তিন দিন করে মোট ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ রায় দেন। পরে প্রার্থীর পক্ষে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাচনী বিচারিক আদালত সূত্র জানায়, আমির হামজার প্রচারণায় ব্যবহৃত ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(ঝ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি ব্যানারে নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের ছবি ব্যবহার করায় আচরণ বিধিমালার ২৫-এর ৭(ছ) ধারা ভঙ্গের অভিযোগও প্রমাণিত হয়।
রায়ের আদেশে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়।
সব অভিযোগের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. আরিফুল ইসলাম আমির হামজাকে দুটি অভিযোগে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানা অনাদায়ে প্রতিটি অভিযোগে তিন দিন করে মোট ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।