
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা এলাকার নয়ানগরে একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলম।
অধিদপ্তর জানায়, অভিযানের সময় দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ওই বাসার একটি কাঠের আলমারির ড্রয়ার তল্লাশি করা হয়। সেখান থেকে চারটি স্বচ্ছ জিপারে রাখা ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং দুটি নীল জিপারে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিদপ্তর আরও জানায়, দীর্ঘদিন ধরে গোপন তথ্যের ভিত্তিতে আতিকুর রহমানের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। তিনি একটি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে আইস ও ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করার কথা জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।