নগর উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক দলীয়করণের ফলে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো নিজেদের কার্যকারিতা হারাচ্ছে। সিটি করপোরেশনকে কেবল ময়লা পরিষ্কার এবং মশা নিধনের সংস্থায় পরিণত করা হচ্ছে। এর ফলে নগর পরিকল্পনায় নাগরিকদের অংশগ্রহণ কমে যাওয়ার পাশাপাশি অবকাঠামোগত সংকট ও নাগরিক দুর্ভোগ ক্রমশ বাড়ছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক এক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) এই সংলাপের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ। সংলাপে আরও বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, সিনিয়র রিপোর্টার হেলিমুল আলম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সাবেক সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ এবং বর্তমান সহ-সভাপতি ফয়সাল খান প্রমুখ।
সংলাপের আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন সাংবাদিককে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয় এবং ‘ঢাকাই’ ম্যাগাজিনের ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এবারের অ্যাওয়ার্ডে অনলাইন ও প্রিন্ট বিভাগে ‘নগর সংস্থার সেবা ও দুর্ভোগ’ ক্যাটাগরিতে মোস্তাফিজুর রহমান, ‘নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি’ ক্যাটাগরিতে মো. জাহিদুল ইসলাম ও লতিফুল ইসলাম এবং ‘নগর পরিকল্পনা’ ক্যাটাগরিতে রাশেদুল হাসান পুরস্কার পান। এ ছাড়া টেলিভিশন বিভাগে পুরস্কার অর্জন করেন গিয়াসউদ্দিন সজিব।
সংলাপে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকস গ্লোবাল সিটিজ র্যাঙ্কিংয়ে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম। অন্যদিকে ময়মনসিংহের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭।
তিনি আরও উল্লেখ করেন, আবাসিক এলাকায় আগে চার-পাঁচতলা ভবনের অনুমোদন দেওয়া হলেও বর্তমানে উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। এতে কয়েক হাজার মানুষের জায়গায় কয়েক গুণ বেশি মানুষের বসবাসের চাপ তৈরি হচ্ছে। অথচ পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সিটি করপোরেশনের সঙ্গে কোনো সমন্বয় করা হচ্ছে না।
রাজনৈতিক দলীয়করণ ও আমলাতান্ত্রিকতার কারণে স্থানীয় সরকারের প্রতি নাগরিকদের আস্থা কমেছে জানিয়ে আদিল মুহাম্মদ খান বলেন, নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল কিংবা সড়ক কাটাকাটির মতো সমস্যায় নাগরিকরা কোনো কার্যকর প্রতিকার পাচ্ছেন না। এ সংকট নিরসনে তিনি প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় নাগরিকদের নিয়ে ১০ থেকে ১২ সদস্যের ‘ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি’ গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি সিটি করপোরেশনকে শুধু ময়লা পরিষ্কার ও মশা নিধনের কাজে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ক্ষমতা দেওয়ার দাবি জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের অভাব রয়েছে। শুধু মাস্টার প্ল্যান প্রণয়ন করলেই চলবে না, তা বাস্তবায়নে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনাও থাকতে হবে। শহরের সড়ক, ড্রেনেজ, ফুটপাত ও অন্যান্য অবকাঠামোর তথ্য মানচিত্র ও ডেটাবেজে সংরক্ষণ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা জরুরি। একাধিক পরিকল্পনার পরিবর্তে জনস্বার্থসংশ্লিষ্ট একটি বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা প্রয়োজন বলেও তিনি মত দেন।
মূল প্রবন্ধ উপস্থাপক মো. নূরুল্লাহ জানান, ১৯৬০ সালে দেশের মাত্র ৫ শতাংশ মানুষ শহরে বসবাস করলেও বর্তমানে নগর এলাকায় বসবাসকারীর হার প্রায় ৪২ দশমিক ৬ শতাংশ। অথচ সারা দেশের ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগে জনবল রয়েছে মাত্র ৯০ জন। এ ছাড়া পৌরসভাগুলোতেও অনুমোদিত পদের অর্ধেকের বেশি শূন্য রয়েছে, যার ফলে পরিকল্পিত নগরায়ণ বাধাগ্রস্ত হচ্ছে।
পরিস্থিতি উত্তরণে তিনি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জাতীয় ভৌত বা স্থানিক পরিকল্পনা কাউন্সিল’ গঠন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন এবং পরিকল্পনাবিদ ও জিআইএস বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আলাদা পরিকল্পনা বিভাগ চালুর প্রস্তাব দেন।