
পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা পাশের দেশ থেকে উসকানি পেয়ে দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার অনুসারীরা সেখান থেকে উসকানি দিয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। তারা গাড়িতে আগুন দিচ্ছে এবং তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে। নিজেদের মালিকানাধীন পোশাক কারখানায়ও শ্রমিকদের প্রবেশ করতে দিচ্ছে না।
তিনি বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এই চেষ্টা সফল হবে না। প্রতিদিনই তারা গ্রেপ্তার হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতাকর্মীরা।
রুহুল কবির রিজভী বলেন, পতিত শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে দেশে ফিরে এলে তাঁর দণ্ড বহাল থাকবে।