
রাজধানীর গুলশানে কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকা বিপুল পরিমাণ মদ ও মদজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার যৌথ দল।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া অভিযান চলে প্রায় তিন ঘণ্টা। শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি এবং অর্থ পাচার প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে সহায়তা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
এনবিআর সূত্রে জানা গেছে, উচ্চ শুল্কযুক্ত মদজাতীয় পানীয় অবৈধভাবে বা চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শুল্ক ও ভ্যাট পরিশোধ না করেই বিক্রি করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়।
এনবিআরের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে যৌথ অভিযানটি পরিচালিত হয়। এতে অংশ নেয় সংস্থাটির চারটি গোয়েন্দা বিভাগ—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।
কাস্টমস আইন, ২০২৩; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এ দেওয়া ক্ষমতাবলে অভিযানটি চালানো হয়।
প্রায় তিন ঘণ্টার তল্লাশিতে রেস্টুরেন্টটি থেকে বৈধ নথিপত্রবিহীন বিপুল পরিমাণ মদ ও মদজাতীয় পানীয় উদ্ধার করা হয়। তবে জব্দ করা পণ্যের পূর্ণাঙ্গ তালিকা, সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
এনবিআর জানিয়েছে, এসব বিষয়ে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।